ঝিনাইদহ পৌরসভায় কোটি টাকার জালিয়াতি আওয়ামী লীগ নেতা মিন্টুসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির ঘটনায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।

দুদকের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী রাবু বিশ্বাস।

মামলার অন্য আসামিরা হলেন—পৌরসভার সাবেক সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান এবং হিসাবরক্ষক মখলেছুর রহমান।

চার্জশিট সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ৪ অক্টোবর পর্যন্ত সময়ে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের বিল পরিশোধের নামে পরিকল্পিত জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। সোনালী ব্যাংকের ৩১৬ নম্বর এবং জনতা ব্যাংকের ১৪২৫০৩ নম্বর হিসাব থেকে ৩৭টি কাজের বিপরীতে প্রকৃত অঙ্কের চেয়ে বেশি টাকা উত্তোলন করা হয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে, আসামিরা যোগসাজশে বিল ভাউচারের বিপরীতে ইস্যুকৃত চেকের অঙ্কে কারসাজি করে অতিরিক্ত টাকা উত্তোলন করেন। চেকের সংখ্যায় এবং কথায় লেখা টাকার অঙ্ক পরিবর্তন করে মূল টাকার সঙ্গে অতিরিক্ত অর্থ তুলে আত্মসাৎ করা হয়।

তদন্তে দেখা যায়, সোনালী ব্যাংকের ৩১৬ নম্বর হিসাব থেকে প্রকৃত ৩ লাখ ৫৮ হাজার ১৯ টাকার বিপরীতে প্রায় ৩০ লাখ টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়েছে। একইভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত একাধিক চেকে উল্লেখযোগ্য অঙ্কের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

একটি ঘটনায় দেখা যায়, ২০১১ সালের ১ জুন ক্যাশ বইয়ে নওশের আলীর নামে ১০ হাজার টাকা লিপিবদ্ধ থাকলেও ব্যাংক থেকে উত্তোলন করা হয় ৪ লাখ ১০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন সময়ে কয়েক হাজার টাকার বিল দেখিয়ে লাখ টাকার বেশি উত্তোলনের অভিযোগও পাওয়া গেছে।

মিঠু ইলেক্ট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে। তাদের প্রকৃত বিল কয়েক হাজার টাকা হলেও পৌরসভার নথিতে দুই লাখ টাকার বেশি দেখানো হয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব জানান, চার্জশিট দাখিলের পর আসামিদের আদালত থেকে জামিন নেওয়ার বিধান রয়েছে। তবে তারা জামিন নিয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, একই ঘটনায় এর আগেও সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে দুদক তিনটি মামলায় চার্জশিট দাখিল করেছিল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   9   =