জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দৈনিক পূর্বাচল:
চুয়াডাঙ্গার দর্শনা বাড়াদি সীমান্তের কামাড়পাড়া গ্রামে মাটি খুঁড়ে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে দর্শনা থানার বাড়াদি সীমান্তের কামাড়পাড়া গ্রামের একটি আমবাগান থেকে এই অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল সীমান্তের মেইন পিলার ৮১ এর অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি স্থানে মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় লুকানো একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য দর্শনা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এই চালানের সাথে জড়িতদের শনাক্ত করতে স্থানীয় পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। সেই সাথে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে দর্শনা ও বাড়াদি সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
#DainikPurbachal, , #চুয়াডাঙ্গা_বিজিবি,

