নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর কারওয়ান বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন আল আমিন রুবেলের ওপর বর্বরোচিত ও গুরুতর হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২০ জুন (শনিবার) রাতে একুশে টেলিভিশনের পাশের গলিতে একদল অবৈধ দোকানদার এবং মাদকসেবী মিলে এই হামলা চালায়। হামলায় রুবেলের মাথা ফেটে রক্তাক্ত হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থায়ী প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, শনিবার রাতে কারওয়ান বাজারের ওই গলিতে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয় অবৈধ ফুটপাত ব্যবসায়ী এবং চিহ্নিত মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে ক্যামেরাপার্সন রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। আঘাতে তার মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।
সংবাদকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনার পর গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠছে।
এদিকে, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সনের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশন (টিসিএ)। সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সিসিটিভি ফুটেজ দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে তীব্র আন্দোলন, প্রতিবাদ সভা ও মানববন্ধনের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা।
গণমাধ্যমকর্মীরা বলছেন, পেশাগত দায়িত্ব পালনকালে বা সাধারণ চলাচলের সময় একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। কারওয়ান বাজারের মতো ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকায় মাদকসেবী ও অবৈধ দখলদারদের এমন তাণ্ডব রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। তেজগাঁও থানা পুলিশ দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর সহকর্মীরা।

