ইরানের হামলায় দুবাই-আবুধাবি বিমানবন্দরে নিহত ১, আহত ১১

মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবি বিমানবন্দরে ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এর পাল্টায় তেহরান হামলা চালায় আরব আমিরাতসহ কাতারের দোহায় এবং সৌদি আরবের রাজধানী রিয়াদেও।

আবুধাবি কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে যে, সেখানকার জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করে ছুটে আসা ইরানি ড্রোন তারা ঠেকিয়েছে। কিন্তু সেই ড্রোনের ধ্বংসবাশেষ পড়ে এক ব্যক্তি নিহত এবং ৭ জন আহত হয়।

ওদিকে, বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের চারজন স্টাফ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উপসাগরীয় অঞ্চলজুড়ে হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ এবং তাদের সম্পদকে নিশানা করে ইরান ব্যাপকমাত্রায় এই হামলা চালিয়েছে।

কাতার, বাহরাইন, জর্ডান ও কুয়েত– সব দেশেই আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। তারা তাদের দিকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর কথা জানিয়েছে। তবে বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

দুবাইয়ের এক বাসিন্দা বিবিসি-কে বলেন, “আমি কাল আমার বাড়ির পেছন থেকে সম্ভবত প্রায় ১৫ টি ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপ করতে দেখেছি।” ইরানের প্রজেক্টাইল ধ্বংস করতে আরব আমিরাত এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংস করা ইরানি ড্রোনের ধ্বংসবাশেষ পড়ে পাঁচতারা একটি হোটেলের সামনের অংশে আগুন ধরে যায়। একই কারণে দুবাইয়ের একটি সমুদ্রবন্দরেও আগুন লাগে।

ওদিকে, বাহরাইনেও ইরানের ড্রোন হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ওমানেও একটি বাণিজ্যিক বন্দরে ইরানের ড্রোন হামলায় এক কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

কাতারের কর্মকর্তারা বলেছেন, শনিবার ইরান ৬৫ টি ক্ষেপণাস্ত্র ও ১২ টি ড্রোন হামলা চালিয়েছে। সেগুলোর বেশিরভাগই ঠেকানো হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৮ জন আহত হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   9   =