অভিনেতা জাহের আলভী কারাগারে

বিনোদন প্রতিবেদক | ঢাকা: স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ছোট পর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই অভিনেতা। আদালতে জাহের আলভীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী জামিনের আবেদন জানান, অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত অভিনেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয় যে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তবে জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, ঘটনাটির সঙ্গে জাহের আলভীর কোনো সম্পৃক্ততা নেই এবং প্রেমের বিয়েকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার সময় জাহের আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন এবং বর্তমানে তিনি মারাত্মক ‘ক্রনিক অ্যাজমা’ রোগে ভুগছেন। উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয় এবং তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে; এই একই মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা উচ্চ আদালত থেকে জামিন পান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   2   =