মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের শীর্ষ সদস্য ইমনসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঞ্চল্যকর অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ ১৭ জুন (বুধবার) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল-আমিন (২৫)। আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্তের পর র‌্যাব-৪ এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি পল্লবীসহ মিরপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়। এই গ্যাংগুলোর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপটি অন্যতম প্রধান ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়। এরই পরিপ্রক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আজ ভোরে গ্যাংটির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অস্ত্র প্রদর্শন ও চাঁদাবাজিসহ নানা অপরাধ

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্যরা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হতো। এছাড়া এলাকায় বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রকাশ্য গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, মারামারি, ছিনতাই, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা।

পূর্বশত্রুতার জেরে হামলা

র‌্যাব সূত্র জানায়, সর্বশেষ গত ২৩ মে সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িতে করে বাসায় ফেরার পথে গ্রেপ্তারকৃত ইমনসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী তাদের পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর ও গুরুতর জখম করা হয়।

ওই বর্বরোচিত ঘটনার পর থেকেই র‌্যাব-৪ মারামারির প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে তাদের সংশ্লিষ্ট পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   2   =