আওয়ামী লীগ নেতার ভাগ্নের জন্য বিএনপির ৩ এমপির সুপারিশ! তোলপাড় এলজিইডিতে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের আপন ভাগ্নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুত্বপূর্ণ পদে সুপারিশ করেছেন বিএনপির তিন সংসদ সদস্য (এমপি)। গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী (এক্সেন) পদে কাজী মাহামুদুয্যাহ নামের ওই কর্মকর্তাকে পদায়নের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর দেওয়া পৃথক তিনটি ডিও লেটার (আধা-সরকারি পত্র) ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য ও ডিও লেটারগুলো পর্যালোচনা করে দেখা যায়, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ নেছারউদ্দিন সোহাগ, গোপালগঞ্জ-২ আসনের কে এম বাচ্চু এবং গোপালগঞ্জ-৩ আসনের এস. এম. জিলানী—জনগণের ভোটে নির্বাচিত বিএনপির এই তিন এমপিই একই কর্মকর্তাকে গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়নের জন্য জোর সুপারিশ জানিয়েছেন। চিঠির বিষয় লাইনে স্পষ্ট লেখা রয়েছে, “গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী পদে পদায়নের প্রসঙ্গে” এবং সেখানে ওই কর্মকর্তাকে অত্যন্ত ‘সৎ, দক্ষ ও অভিজ্ঞ’ দাবি করে উল্লেখ করা হয়েছে যে, তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি জেলার উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারবেন। রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়ে যেখানে দুই দলের চরম বৈরিতা দৃশ্যমান, সেখানে খোদ আওয়ামী লীগ নেতার ভাগ্নের পক্ষে বিএনপির তিন হেভিওয়েট এমপির এমন একযোগে তদবিরের বিষয়টি নিয়ে খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মী ও এলজিইডির সদর দপ্তরে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে; কর্মকর্তাদের একাংশের মতে, গোপালগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন পেতে এই কর্মকর্তা পর্দার আড়াল থেকে বড় ধরনের রাজনৈতিক লবিংয়ের সমীকরণ মেলাচ্ছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   8   =