রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি দম্পতি ও তাদের ৬ বছর বয়সী কন্যাসন্তানকে নৃশংসভাবে ছুরি মেরে হত্যা করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। এই বর্বরোচিত হামলায় নিহতদের ১৮ বছর বয়সী এক ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘লা রিপাবলিকা’  এই তথ্য নিশ্চিত করেছে।

ভয়াবহ এই হত্যাকাণ্ডের শিকার ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন।

নিহত অন্য দুজন হলেন—কামাল উদ্দিনের স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছোট মেয়ে আলিসিয়া (৬)।

অ্যাপার্টমেন্টে ঢুকে এলোপাতাড়ি হামলা
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ইতালীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যার পর রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ‘ভিয়া মন্তিলিও’ সড়কের একটি অ্যাপার্টমেন্টে এই হামলা ঘটে। এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই প্রবাসী বাংলাদেশি পরিবারের ওপর আকস্মিক হামলা চালায়। ঘরে থাকা সদস্যদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘাতক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় গুরুতর আহত কামালের ১৮ বছর বয়সী ছেলেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তদন্তে রোম পুলিশ:
রোম পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই ঘটনাকে ‘অত্যন্ত নৃশংস’ বলে উল্লেখ করেছেন। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পায়নি পুলিশ। নিহত পরিবারের কোনো সদস্যেরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই, যা তদন্তকারীদের আরও বেশি দ্বন্দ্বে ফেলেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচিত কেউ বা পারিবারিক কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অপরাধীকে শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ভুক্তভোগীদের শেষ সময়ের মোবাইল কল রেকর্ড ও যোগাযোগ বিশ্লেষণ করছে।

হত্যাকাণ্ডের পর পুরো কাসালোত্তি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুনিকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাচ্ছে রোম পুলিশ। তবে তদন্তের স্বার্থে এবং হত্যাকারী পলাতক থাকায় এই মুহূর্তে অনেক তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ডের খবর নোয়াখালীর বসুরহাটে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   3   =