জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি | 

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ জুন) ভোরে পৌর এলাকার প্রাইমারি স্কুলপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে। এই দম্পতির রীতি ঘোষ (৮) নামে আরও একটি কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে শিশুটির মা সরস্বতী ঘোষ মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নেওয়ার পর তার শরীর অস্বাভাবিক ও নিস্তেজ মনে হয়। একপর্যায়ে দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা অবশ হয়ে পড়েছে।

পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও থানা পুলিশের বক্তব্য: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী ওই শিশু কন্যাকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের দুধ খাওয়ার পর শ্বাসনালীতে তা আটকে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।”

এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।