সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল

ঢাকা, ১৮ জুন ২০২৬: বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের এবং তার পরিবারের সদস্যসহ মোট ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৭ জুন ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই পরোয়ানা জারির আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন—আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, এবং শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আদালতের পরোয়ানা জারির পর আসামিদের গ্রেপ্তারে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া ও তৎপরতা শুরু হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সময় টেলিভিশনকে দলীয় প্রোপাগান্ডা ও লাঠিয়াল গণমাধ্যম হিসেবে ব্যবহার করার পেছনে মূল ভূমিকা ছিল আহমেদ জোবায়েরের। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মহলের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি বিতর্কিত কর্মকাণ্ড চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরআই’ (CRI) থেকেও তিনি নিয়মিত বিশেষ সুবিধা ও ভাতা নিতেন বলে বিভিন্ন মাধ্যমে তথ্য উঠে আসে। এর আগে একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল বাবু গ্রেপ্তার হলেও আহমেদ জোবায়ের নানা কৌশলে এতদিন গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। তবে জালিয়াতি মামলায় সপরিবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এই অপসাংবাদিকতার দোসর ও অর্থ আত্মসাৎকারীদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বড় অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   2   =