বেনজীর গ্রেপ্তার: পলাতক আ’লীগ নেতাদের মাঝে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, পূর্বাচল

প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ | সন্ধ্যা ০৬:২৫

দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এই ঘটনার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতা, দুর্নীতিবাজ আমলা ও পুলিশের সাবেক কর্মকর্তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুর্নীতি ও অর্থপাচারের মামলায় ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। গত ১২ জুন আবুধাবি সরকার বাংলাদেশ সরকারকে বিষয়টি নিশ্চিত করে। রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করে একে বিচারহীনতার সংস্কৃতি দূর করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

হাই-প্রোফাইল এই কর্মকর্তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিদেশে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। চব্বিশের ৫ আগস্টের পর থেকে যেসব নেতা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন বা নেওয়ার চেষ্টা করছেন, ইন্টারপোলের এই অ্যাকশনে তাদের ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে যাদের নামে অলরেডি দেশে গ্রেপ্তারি পরোয়ানা বা সাজা রয়েছে, তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরও নিরাপদ দেশের খোঁজে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পলাতক সদস্যদের মাঝেও সমপরিমাণ আতঙ্ক বিরাজ করছে। ভারতে অবস্থানরত কিছু নেতা এখনো নিজেদের কিছুটা নিরাপদ মনে করলেও, সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হওয়ার পর সেখানেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেনজীরের এই গ্রেপ্তার বিদেশে পালিয়ে থাকা সকল অপরাধীর জন্যই একটি কড়া বার্তা।

এদিকে দুদক সূত্রে জানা গেছে, ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও গণহত্যার অন্তত ১০টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩টিতে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন মন্ত্রণালয় ও দুদক প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতসহ জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

  •  বেনজীর আহমেদ গ্রেপ্তার, সাবেক আইজিপি বেনজীর, পলাতক আওয়ামী লীগ নেতা, পূর্বাচল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   10   =