জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর মেদিনীপুর সীমান্ত এলাকা থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণসহ ৪নং সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিকান্দার আলীকে আটক করেছে বিজিবি।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মহেশপুরের অধীন মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে টহল পরিচালনা করছিলেন। এ সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং গোয়ালপাড়া গ্রামের মো. কাসেদ আলীর ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত কার্যক্রম ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জীবননগর স্বর্ণ আটক, চুয়াডাঙ্গা স্বর্ণ পাচার, মেদিনীপুর সীমান্ত বিজিবি, চুয়াডাঙ্গার খবর, দৈনিক পূর্বাচল

