শ্রীনগরে তদন্ত কর্মকর্তার সামনেই মামলার বাদীকে খুনের হুমকি, থানায় জিডি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আদালতের নির্দেশে বিরোধপূর্ণ জমি সরেজমিন তদন্তকালে তদন্ত কর্মকর্তার সামনেই মামলার বাদীকে প্রকাশ্যে হুমকি ও অশ্লীল ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী এক নারী।

মামলা ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার বাড়ৈখালী-৮৪ নং মৌজার আরএস ১৮২ নং খতিয়ানের ১১০৪ দাগের ৮ শতক (বাড়ির অংশ) এবং ১১২১ দাগের ২ শতক (পুকুরের অংশ) সহ মোট ১০ শতক জমির মূল মালিক মো. জালাল উদ্দীন দেওয়ান। তিনি তার কন্যা লাখি (৫১)-কে হেবা দলিল মূলে এই জমির মালিকানা হস্তান্তর করেন। তবে লাখির চাচাতো ভাই মাহবুব দেওয়ান ও তার সহযোগীরা ওই জমি অন্যায়ভাবে দখল করে নেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে জমির দখল ফিরে পেতে লাখি বাদী হয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এর ৮ ধারায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৫০/২০২৬)। মামলার প্রেক্ষিতে আদালত শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে গত ৩ জুন দুপুর ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার ও তদন্ত কর্মকর্তা উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীসহ বিরোধপূর্ণ জমিতে উপস্থিত থাকার নোটিশ দেন। তদন্তের স্বার্থে বাদী লাখি ও তার বৃদ্ধ পিতা জালাল উদ্দীন দেওয়ান ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদী পক্ষের মোসাঃ জোস্না (৩৫), মোসাঃ পুষ্প বেগম (৪২) এবং শিমুল বেগম তদন্ত কর্মকর্তার উপস্থিতিতেই বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সরকারি কর্মকর্তার সামনেই বাদীকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং সুযোগ বুঝে বাদী ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এই ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে বাদী লাখি গত ৪ জুন শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৮৯) দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, “এই মুহূর্তে বিষয়টি বিস্তারিত মনে নেই, থানার জিডির নথিপত্র দেখে পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।”

সরকারি কর্মকর্তার উপস্থিতিতেই প্রকাশ্যে এমন হুমকির ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   1   =