ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

আর্জেন্টিনা ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছিল। এবার ২০২৬ সালেও তারা শিরোপা ধরে রাখতে চায়। তবে কাজটা মোটেও সহজ নয়, টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জেতার রেকর্ডটা দেখা গেছে সেই ৬৪ বছর আগে। ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিল নিজেদের শিরোপা ধরে রেখে টুর্নামেন্ট শেষ করেছিল। সেই ইতিহাস ছোঁয়ার হাতছানি এবার আর্জেন্টিনার সামনে।

সে মিশনে এবার বিশ্বকাপের আর্জেন্টিনা গ্রুপ জে-তে আছে। এই গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত তাদের পথটা কেমন হবে, সে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কেমন, সেটা জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট অপটা। জানাচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অন্তত ১৮ শতাংশ।

গ্রুপ পর্বে তাদের সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। এই ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনার বের হয়ে আসা সহজ হতে পারে। অপটা সুপারকম্পিউটার বলছে, ১০ হাজার সিমুলেশনে ৯৬.৯% ক্ষেত্রে আর্জেন্টিনা শেষ ৩২-এ উঠেছে। শুধু স্পেন (৯৮.৬%) তাদের চেয়ে বেশিবার গ্রুপ পার করেছে।

গ্রুপ পার হলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে উরুগুয়ে। ম্যাচটি হবে ৩ জুলাই, মিয়ামি গার্ডেন্সে। গত ৯ ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে মাত্র একবার হেরেছে। এই ৯ ম্যাচের ৮টিতেই উরুগুয়ে গোল করতে পারেনি। ফলে আর্জেন্টিনার এই বাধা উতরে যাওয়ার সম্ভাবনা ৬৩.২ শতাংশ, জানাচ্ছে অপটা।

সে বাধা পার করে ফেলতে পারলে শেষ ১৬-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। দুই দলের আগে কখনো দেখা হয়নি। তবে এই বাধাও আর্জেন্টিনা পেরোতে পারবে বলে মনে করা হচ্ছে। সে সম্ভাবনা ৪৫.৭ শতাংশ।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে পর্তুগাল। এই ম্যাচ মানে বিশ্বকাপে প্রথমবার মেসি বনাম রোনালদো লড়াইয়ের দেখা মিলবে। ২০১১ সালে একটি ম্যাচে রোনালদো গোল করেছিলেন। কিন্তু মেসি ৮৯ মিনিটে পেনাল্টি করে আর্জেন্টিনাকে ২-১ জিতিয়েছিলেন। এবারও তেমন কিছুর দেখা পাওয়ার সম্ভাবনা ৩০.৬ শতাংশ।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন। স্পেন এবার বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট। অপটার হিসেবে স্পেন ১৬.৫% সিমুলেশনে বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনা ১০.৪%-এ। এর আগে আর্জেন্টিনা পাঁচটি সেমিফাইনাল খেলেছে এবং পাঁচটিতেই ফাইনালে উঠেছে। এবারও সেমিফাইনালে উঠে ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা ১৮.৩ শতাংশ।

ফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে ফ্রান্স। এটি হবে ২০২২-এর ফাইনালের পুনরাবৃত্তি। সেটি হলে ইতিহাসে দ্বিতীয় বারের মতো দুই দল পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে। এর আগেও এই কীর্তি গড়েছে আর্জেন্টিনা, ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল আকাশি-সাদারা, ওদিকে ফাইনালে খেলেছিল পশ্চিম জার্মানি।

এবারের ফাইনাল ম্যাচটি হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফ্রান্সকে (১২.৮%) অপটা সামান্য এগিয়ে রাখলেও আর্জেন্টিনাও খুব পিছিয়ে নেই, তাদের সম্ভাবনা ১০.৪%।

মেসি জিতলে তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি টানা দুইবার ট্রফি তুলে ধরবেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   6   =