মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল

বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার প্রকাশিত এই স্কোয়াডে প্রত্যাশিতভাবেই নেতৃত্বে আছেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরটি হবে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দল থেকে বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন। সেই দলের এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন আবারও দলে আছেন।

কোচ লিওনেল স্কালোনি আগের সফল স্কোয়াডের ওপরই আস্থা রেখেছেন। তবে গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পেয়েছেন। এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় বিশ্বকাপ, যদিও ২০১৮ সালে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

নতুন প্রজন্মের বেশ কয়েকজন তরুণ ফুটবলারও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।

তবে দলে জায়গা হয়নি কয়েকজন পরিচিত মুখের। ইনজুরির কারণে বাদ পড়েছেন লেফট ব্যাক মার্কোস আকুনা। এছাড়া রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াও স্কোয়াডে নেই।

গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   5   =