কারাগারে সাবেক এমপি হেনরীর সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সাক্ষাৎ: উঠছে নানা প্রশ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
একাধিক হত্যা মামলার অভিযোগে কারাবন্দি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক ডামি এমপি জান্নাত আরা হেনরীকে দেখতে কারাগারে গেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস রবিন—এমন একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, কারাগারে সাক্ষাৎকালে তাদের মধ্যে রাজনৈতিক বিষয়, জামিন প্রক্রিয়া এবং বিভিন্ন অভিযোগ—বিশেষ করে অবৈধ সম্পদ সংক্রান্ত প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। এ সময় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম হেনরীর মুক্তির বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

এ ধরনের সাক্ষাৎকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—কারা বিধি অনুযায়ী রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এ ধরনের সাক্ষাৎ কীভাবে সম্ভব হলো? সাক্ষাৎটি আদৌ প্রশাসনিক নিয়ম ও নিরাপত্তা নীতিমালার মধ্যে ছিল কিনা, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

কারা বিধি অনুযায়ী, সাধারণত বন্দিদের সাক্ষাৎ সীমাবদ্ধ থাকে নির্দিষ্ট আত্মীয়স্বজন, আইনজীবী ও অনুমোদিত ব্যক্তিদের মধ্যে। পাশাপাশি সাক্ষাৎকালীন সময় কঠোর নিরাপত্তা ও নজরদারির আওতায় থাকে। ফলে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের মধ্যে এমন ঘনিষ্ঠ ও অনানুষ্ঠানিক সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে অনুমোদন প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে।

এ ঘটনায় কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। জেল সুপার ও জেলারের অনুমোদন কতটা নিয়মতান্ত্রিক ছিল, এবং কোনো ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে কিনা—তা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কারা প্রশাসনের নিরপেক্ষতা, নিয়মের প্রয়োগ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   9   =