স্টাফ রিপোর্টার, ডেইলি পূর্বাচল:
সাম্প্রতিক ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর অন্যতম দুর্বল দিক ছিল প্রচারণার ঘাটতি। তড়িঘড়ি করে শুটিং শেষ করার প্রভাব পড়েছে নির্মাণশৈলী ও সামগ্রিক মানের ওপর, যা দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে আশার কথা, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো প্রচারণার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা দেখাচ্ছে। ইতোমধ্যে ‘রইদ’ সিনেমা ট্রেইলার ও গান প্রকাশের মাধ্যমে দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, নির্মাতা আজমান রুশোর অভিষেক সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় পোস্টার প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটির একটি গানও মুক্তি পেতে যাচ্ছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির আগেই সিনেমা সংশ্লিষ্ট কনটেন্ট প্রকাশ পাওয়া চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক। এতে দর্শকদের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়, যা প্রেক্ষাগৃহমুখী দর্শক বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
এখন দেখার বিষয়, কোরবানির ঈদে মুক্তির তালিকায় আর কোন কোন সিনেমা যুক্ত হয় এবং শেষ পর্যন্ত কোনগুলো দর্শকদের মন জয় করতে সক্ষম হয়।


