বৃক্ষরোপণকে ব্যক্তি আন্দোলনে রূপ দিতে হবে: সড়ক ও সেতু মন্ত্রী

ঢাকা, ০১ এপ্রিল ২০২৬ (বুধবার)

দেশব্যাপী বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে ব্যক্তি পর্যায়ের আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিক বা সামাজিক কর্মসূচি হিসেবে নয়, বরং ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, দেশের প্রতিটি দপ্তর, মন্ত্রণালয়, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এ কার্যক্রমে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, “গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করা যাবে না; বরং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে লাগানো গাছের অধিকাংশই টিকে থাকে।”

মন্ত্রী জানান, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী এ বছর ৫ কোটি এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসহ নতুন সড়ক প্রকল্পের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, এ বছর ১ এপ্রিল থেকেই ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   2   =