সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশিদের জন্য হজ-উমরাহ সেবায় আসছে নতুন গতি

মদিনা (সৌদি আরব), ৩০ মার্চ ২০২৬ (সোমবার):
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হজ ও উমরাহ সংক্রান্ত সেবা ও সহযোগিতা জোরদারে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছে। এর ফলে বাংলাদেশি হজ ও উমরাহ যাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব হজ ও উমরাহ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের ফলে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হয়েছে। এ জন্য তিনি বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। পারস্পরিক আস্থা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এর আগে বৈঠকে যোগদানের জন্য কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধর্মমন্ত্রীকে স্বাগত জানায়।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার প্রদান করা হয়। একইভাবে সৌদি মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে অংশগ্রহণের জন্য ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   5   =