ঢাকা, ৩০ মার্চ ২০২৬:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি এখন অনিবার্য বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগগুলো এখন দেশের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এসব দুর্যোগের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তোলা এখন সময়ের দাবি। “শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব,”—যোগ করেন তিনি।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সংস্থা Save the Children আয়োজিত ‘Met Club: The Next Wave’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, মেট ক্লাব (Meteorological Club) একটি স্কুলভিত্তিক, শিশু-কিশোর নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য শিশুদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতন ও দক্ষ করে তোলা।
এই উদ্যোগের মাধ্যমে শিশুদের আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম সতর্কতা বোঝা এবং দুর্যোগকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানো হবে। গেমিফাইড লার্নিং পদ্ধতিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি শিশুদের জন্য সহজ, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে।
পরে মন্ত্রী মেট ক্লাবের ই-লার্নিং পোর্টালের উদ্বোধন এবং একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।


