ঢালিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী পূজা চেরি। ২০২৪ সালের ২৪ মার্চ মারা যান তার মা ঝর্ণা রায়। দুই বছর আগে মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন পূজা। মায়ের মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন পূজা চেরি। অভিনেত্রী লেখেন, আজ তোমাকে ছাড়া ২ বছর মামুনি। সময় সত্যিই থেমে থাকে না। কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না। এই ২ বছরে অনেক কিছু বদলে গেছে—শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা।
পূজার মা তাকে পরিপূর্ণভাবে বুঝতেন। সেই কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না। শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই। কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না।
মায়ের মৃত্যুর পর অভিনেত্রী উপলদ্ধি করেছেন, সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছেন তিনি। তিনি বলেন, মামুনি, তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকত, সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে।
মায়ের জন্য প্রার্থনা করে পূজা চেরি বলেন, মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি। ২ বছর হয়ে গেল। কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা।


