রাজনীতি

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

আইন-আদালত ডেস্ক, দৈনিক পূর্বাচল:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়ে সরকারের উচ্চপর্যায়ে একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জনস্বার্থে এই নোটিশটি প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে এই আইনি নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে। 
নোটিশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা জরুরি। দেশে ফিরিয়ে আনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে তাঁর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাত দফা প্রস্তাবও তুলে ধরা হয়েছে এই নোটিশে। 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করেছেন ওই আইনজীবী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment