সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, ডেইলি পূর্বাচল:
ইলিয়াস আলী, নুরুজ্জামান জনি ও চৌধুরী আলমদের ত্যাগের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এলেও অভিযুক্তদের আস্ফালন ও দলটির নমনীয় অবস্থান নিয়ে তৃণমূলে তৈরি হয়েছে তীব্র প্রশ্ন ও শঙ্কা। লিখেছেন ডেইলি পূর্বাচলের নির্বাহী সম্পাদক সোহেল হাওলাদার
দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রাম, গুম, খুন এবং লাখো মামলার ঘানি টেনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ক্ষমতার পালাবদলের পর দলটির নজিরবিহীন নমনীয়তা ও প্রতিশোধহীন রাজনীতি একদিকে যেমন আলোচনার জন্ম দিয়েছে, অন্যদিকে বিগত সময়ের নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের মাঝে সৃষ্টি করেছে তীব্র হতাশা ও অজানা শঙ্কা।
গুম হওয়া নেতাদের পরিবার ও বর্তমান বাস্তবতা
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিখোঁজ হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর লাশের হদিস আজও মেলেনি। বর্তমান সংসদে তার সহধর্মিণী জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চরম ত্যাগের পরও প্রতিশোধপরায়ণ না হয়ে তিনি যে সহনশীলতার পরিচয় দিয়েছেন তা বিরল। কিন্তু বিপরীত চিত্র দেখা যাচ্ছে অভিযুক্তদের আচরণে। ইলিয়াস আলী গুমের ঘটনায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হক খোদ বিএনপির শাসনামলেই আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বিজয়ের সুরে কথা বলছেন—যা দলের ত্যাগী নেতাকর্মীদের চরমভাবে ব্যথিত ও বিস্মিত করেছে।
নুরুজ্জামান জনি ও হাজারো শহীদের স্মৃতি
২০১৫ সালের ২০ জানুয়ারি কথিত বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির বুকে যখন ১৬টি বুলেট বিদ্ধ হয়, তখন তার স্ত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবার মুখ না দেখেই বেড়ে ওঠা সেই কন্যাসন্তানের বয়স আজ ১১ বছর। যে দলের আদর্শের জন্য জনি প্রাণ দিয়েছেন, সেই দল আজ রাষ্ট্রক্ষমতায়। অথচ, যে রাজনৈতিক শক্তির হাতে জনি, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ ও সাজেদুল ইসলাম সুমনসহ হাজারো নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, সেই গোষ্ঠীটিই এখন প্রকাশ্যে আবারও প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিচ্ছে।
তৃণমূলের ত্যাগ বনাম ক্ষমতার সমীকরণ
বিগত শাসনামলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী দেড় লক্ষাধিক মামলার জালে আবদ্ধ হয়ে বছরের পর বছর পুকুরপাড় ও ধানক্ষেতে রাত কাটিয়েছেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একসময় প্রকাশ্যে আশঙ্কা করেছিলেন যে, ক্ষমতার পালাবদল হলে তাদের ওপর ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। দলটির তৃণমূল নেতাকর্মীরাও নিজেদের কর্মকাণ্ডের কারণে চরম শাস্তির ভয়ে ছিলেন।
বিগত শাসনামলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী দেড় লক্ষাধিক মামলার জালে আবদ্ধ হয়ে বছরের পর বছর পুকুরপাড় ও ধানক্ষেতে রাত কাটিয়েছেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একসময় প্রকাশ্যে আশঙ্কা করেছিলেন যে, ক্ষমতার পালাবদল হলে তাদের ওপর ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। দলটির তৃণমূল নেতাকর্মীরাও নিজেদের কর্মকাণ্ডের কারণে চরম শাস্তির ভয়ে ছিলেন।
ভবিষ্যতের অশনিসংকেত ও রাজনৈতিক বিশ্লেষণ
ক্ষমতায় আসার পর বিএনপি প্রতিহিংসার পথ পরিহার করে যে উদারতা দেখিয়েছে, তা অভিযুক্ত মহলকেও অবাক করেছে। তবে তৃণমূলের ত্যাগী কর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বিচারহীনতা ও অতিরিক্ত নমনীয়তার সুযোগ নিয়ে পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, অতীতের নৃশংসতার সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এই উদারতার চরম মূল্য দিতে হতে পারে বিএনপিকে। আর সেই খেসারত হয়তো দিতে হবে ভবিষ্যতে নতুন কোনো নুরুজ্জামান জনির বুকে তাজা বুলেট বিদ্ধ হওয়ার মধ্য দিয়ে।


