বিনোদন ডেস্ক, দৈনিক পূর্বাচল:
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার সফল নির্মাতা হিমেল আশরাফ এবার নতুন প্রজেক্ট ‘মহব্বত’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এই চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করার নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছেন তিনি। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার সফল নির্মাতা হিমেল আশরাফ এবার নতুন প্রজেক্ট ‘মহব্বত’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এই চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করার নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছেন তিনি। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে।
দুই দেশের চলচ্চিত্র অঙ্গনের মধ্যে যৌথ কাজের এই ইতিবাচক খবরের চেয়েও এখন বেশি আলোচনায় উঠে এসেছে শাকিব খানের দেওয়া একটি পরিসংখ্যান। পাকিস্তানের সচল প্রেক্ষাগৃহের সংখ্যা ও বাজার সম্ভাবনা নিয়ে এই নায়কের দেওয়া তথ্যে বড় ধরনের অসংগতি ধরা পড়েছে।
সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্র বাজারের সম্ভাবনা তুলে ধরতে গিয়ে শাকিব খান দাবি করেন, খোঁজ নিয়ে তিনি জেনেছেন দেশটিতে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল রয়েছে, যার অধিকাংশই আধুনিক মাল্টিপ্লেক্স। তিনি আরও জানান, পাকিস্তানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে তা অনায়াসে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে সক্ষম। মূলত এই বিশাল বাণিজ্যিক বাজারের কথা মাথায় রেখেই তিনি যৌথ প্রযোজনায় আগ্রহী হয়েছেন।
তবে ঢাকাই সিনেমার শীর্ষ এই তারকার বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘ডন’ এবং ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। অর্থনৈতিক সংকট ও দর্শক খরায় গত কয়েক বছরে দেশটিতে অসংখ্য প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। বর্তমানে পুরো পাকিস্তানে সচল সিনেমা পর্দার (স্ক্রিন) সংখ্যা কোনোভাবেই ১০০ থেকে ১৫০টির বেশি নয়।
বাস্তব পরিস্থিতির সঙ্গে শাকিব খানের দাবির এই বিশাল ফারাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনদের অনেকের ধারণা, অভিনেতা সম্ভবত চার দশক আগের কোনো পরিসংখ্যানকে বর্তমান সময়ের তথ্য ভেবে ভুল করেছেন। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ গ্রন্থের এক নিবন্ধে উল্লেখ রয়েছে, ১৯৮০-র দশকে পাকিস্তানে প্রায় ১২০০ প্রেক্ষাগৃহ সচল ছিল। পরবর্তীতে নানা প্রতিকূলতায় দেশটির চলচ্চিত্র শিল্পের সেই স্বর্ণযুগ হারিয়ে যায়। কোনো যাচাই-বাছাই ছাড়াই ঠিক কোন সূত্রের ওপর ভিত্তি করে শাকিব খান এমন তথ্য উপস্থাপন করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ও সচেতন দর্শকরা।


