ইরান যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এ খবর দিয়েছে এনবিসি নিউজ।
বিবৃতিতে কেন্ট বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তিনি আরও দাবি করেন, ইসরাইল ও তাদের প্রভাবশালী মার্কিন লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।
ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাসী হুমকি সম্পর্কিত গোয়েন্দা কার্যক্রম তদারকি করে এবং পরিচিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের একটি ডাটাবেজ সংরক্ষণ করে।
কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালকের অধীনে কাজ করতেন এবং তিনি তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ড তুলনামূলকভাবে নীরব রয়েছেন এবং অতীতে তিনি বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে কেন্ট জানান, ট্রাম্পের প্রথম মেয়াদের নীতিমালার প্রতি তার সমর্থন ছিল। তবে তিনি অভিযোগ করেন, ইসরাইলের প্রভাবে ট্রাম্প ভুল পথে পরিচালিত হয়েছেন এবং এমন এক যুদ্ধে নতুন প্রজন্মকে পাঠানো সমর্থনযোগ্য নয়, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না।
কেন্ট যুক্তরাষ্ট্রের আর্মি স্পেশাল ফোর্সে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে ১১টি যুদ্ধ মিশনে অংশ নেন এবং পরে সিআইএ-তে কাজ করেন। ২০১৯ সালে সিরিয়ায় এক সন্ত্রাসী হামলায় তার স্ত্রী শ্যানন কেন্ট নিহত হন।
অন্যদিকে ট্রাম্প ও তার সমর্থকরা অতীতে অভিযোগ করে আসছেন, গোয়েন্দা সংস্থাগুলো প্রেসিডেন্টকে দুর্বল করার চেষ্টা করেছে এবং এ কারণে এসব সংস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন।


