মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের একটি রণতরী সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালিতে পৌঁছেছে। যুদ্ধযানটিতে হাজারো মেরিন ও নৌসেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেরিটাইম ট্রাকিংয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
এতে বলা হয়, মঙ্গলবার সকালে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপোলি দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সিঙ্গাপুরের কাছাকাছি জলসীমায় শনাক্ত করা হয়।
ভারী নৌচলাচলপূর্ণ এলাকায় নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের জাহাজগুলো মাঝে মাঝে নিজেদের অবস্থান প্রকাশ করে থাকে, যদিও সাধারণত তারা এ ধরনের সংকেত বন্ধ রাখে।
জানা গেছে, জাহাজটিতে ওকিনাওয়াভিত্তিক ৩১তম মেরিন অভিযান ইউনিটের প্রায় ২২০০ সদস্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নির্দেশে এই ইউনিটকে মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তা জানিয়েছেন।
তবে তাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে বা কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন নৌবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একটি মেরিন অভিযান ইউনিট সাধারণত চারটি অংশ নিয়ে গঠিত হয়। যার মধ্যে থাকে কমান্ড, স্থল যুদ্ধ, আকাশ যুদ্ধ এবং রসদ সহায়তা। এ ধরনের ইউনিট উদ্ধার অভিযান, উভচর হামলা, স্থলভাগে অভিযান এবং বিশেষ সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে।
মেরিটাইম ট্র্যাকিংয়ের তথ্য বলছে, একটি অজ্ঞাত মার্কিন যুদ্ধজাহাজ ১১ মার্চ ওকিনাওয়া থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের দিকে অগ্রসর হচ্ছিল, যার গতি ছিল প্রায় ঘণ্টায় ২২ মাইল।
প্রায় ৮৫০ ফুট দীর্ঘ এবং ৪৫ হাজার টন ওজনের ইউএসএস ট্রিপোলি কার্যত একটি ছোট বিমানবাহী জাহাজের মতো। এতে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান, এমভি-২২ বিমান এবং স্থলভাগে সেনা নামানোর জন্য বিভিন্ন নৌযান রয়েছে।


