APORAD • sara desh

রোগীর ক্ষত ঢাকার গজ এখন অটোরিকশা ঠেকানোর বেষ্টনী! কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এলাহী কাণ্ড


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
রোগীর ক্ষতস্থান পরিষ্কার ও ব্যান্ডেজ করার কাজে ব্যবহৃত সরকারি গজ-তুলা এখন ব্যবহৃত হচ্ছে হাসপাতালের আঙিনায় অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করতে! চিকিৎসার অত্যন্ত প্রয়োজনীয় ও স্পর্শকাতর এসব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে পার্কিংয়ের অস্থায়ী সীমানা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসামগ্রীর এমন নজিরবিহীন ও দায়িত্বজ্ঞানহীন ব্যবহারে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোদ জেলার সিভিল সার্জনও এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছেন।
সরেজমিনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক ও ভেতরের চত্বরের কয়েকটি গাছ এবং সীমানাপ্রাচীরের লোহার রেলিংয়ের মাঝে সাদা রঙের গজ টেনে বেঁধে রাখা হয়েছে। কোথাও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গজ ঝুলিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও রেলিংয়ের সাথে শক্ত করে গিঁট দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে যত্রতত্র অটোরিকশা ও ইজিবাইক প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তড়িঘড়ি করে এই অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে সাধারণ কোনো দড়ি বা কাপড়ের পরিবর্তে সরাসরি রোগীদের জন্য বরাদ্দকৃত গজ ব্যবহার করায় হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ক্রয় পরিকল্পনা অনুযায়ী, ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য মোট ১ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৯১২ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে নন-ইডিসিএল ওষুধ ক্রয়ের জন্য সর্বোচ্চ ৩৬ লাখ ৪০ হাজার ৫৬০ টাকা এবং লিনেন সামগ্রীর জন্য সমপরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে। অন্যদিকে, রোগীদের ক্ষত নিরাময় ও অস্ত্রোপচারের জন্য অত্যন্ত জরুরি গজ, ব্যান্ডেজ ও তুলা ক্রয়ের জন্যই এই অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১০ লাখ ৪০ হাজার ১৬০ টাকা। এই বিপুল বাজেটের সামগ্রী ক্রয়ের জন্য গত ২৪ সেপ্টেম্বর দরপত্রও আহ্বান করা হয়।
স্থানীয় সচেতন মহল ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বলছেন, সরকারি হাসপাতালে অনেক সময় জরুরি গজ বা ব্যান্ডেজের সংকট দেখা যায়, যা গরিব রোগীদের বাইরে থেকে কিনতে হয়। রোগীর রক্তপাত বন্ধ করা, ক্ষতস্থান ঢেকে রাখা ও সংক্রমণের হাত থেকে বাঁচাতে যে চিকিৎসাসামগ্রী জীবনরক্ষাকারী হিসেবে কাজ করে, তা এভাবে যত্রতত্র দড়ির মতো ব্যবহার করা স্রেফ রাষ্ট্রীয় সম্পদের অপচয়।
বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারি চিকিৎসাসামগ্রীর এমন অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান।
চিকিৎসা সেবার মান বাড়াতে যেখানে সরকার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, সেখানে মাঠ পর্যায়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা অবিলম্বে এই বেষ্টনী অপসারণ করে প্রকৃত কাজে গজ-ব্যান্ডেজের ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment