খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক
রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলে বলরামপুরের সাহাপাড়ায় এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা স্বাগত জানান।

সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে। খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খাল নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

১৯৭৭ সালে দিনাজপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল কেটেছিলেন, আজ সেই সাহাপাড়া খাল পুনঃখনন কাজের সূচনা করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার মতোই নিজে কোদাল দিয়ে খাল কেটে কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সুধী সমাবেশ ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। এর আগে এদিন সকালে ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে থেকে দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা দেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment