গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ৯ বছরের এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে মিফতাহুল মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৪) আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে তাকে হেফাজতে নেওয়া হয়।
আটককৃত রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার ‘মিফতাহুল মাদ্রাসা’য় শিক্ষকতা করতেন এবং সেখানেই বসবাস করতেন। তার স্থায়ী নিবাস কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা এলাকায়।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার ভেতরেই শিক্ষার্থী ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন শিক্ষক রাব্বি। ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলে বিষয়টি তার নজরে আসে। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে তিনি দ্রুত টঙ্গী পূর্ব থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, টঙ্গী এলাকায় মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ২১ অক্টোবর টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। সে সময় ক্ষুব্ধ অভিভাবক শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে চড় মারেন এবং পরবর্তীতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।


