যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে তখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে আন্তর্জাতিক পিসমেকার বা শান্তি উদ্যোক্তা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
তবে, তার এমন ভাবমূর্তি প্রতিষ্ঠা করা সহজ কোনো কাজ নয়।
কেননা এই ক্রেমলিন নেতাই ২০২২ সালে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।
সেসময় এই হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন অভিহিত করে জাতিসংঘের সাধারণ পরিষদ এর তীব্র নিন্দা জানায়।
কিন্তু ক্রেমলিন এখন ইরান যুদ্ধে “দ্রুত উত্তেজনা কমানো ও রাজনৈতিক সমাধানের” আহ্বান জানালেও তারা ইউক্রেনের ওপর তাদের বিধ্বংসী হামলা অব্যাহত রেখেছে।
ইরানের সাথে মস্কোর একটি “বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব” চুক্তি রয়েছে।
এই সপ্তাহেই কেবল পুতিন তেহরানের প্রতি ক্রেমলিনের “অটল সমর্থনের” কথা পুনর্ব্যক্ত করেছেন।


