বিনোদন

একই মঞ্চে জেমস ও হাসান, আসছে ‘রক এন রিদম ৫.০’ কনসার্ট | দৈনিক পূর্বাচল

স্টাফ রিপোর্টার, দৈনিক পূর্বাচল | ঢাকা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০’ কনসার্ট। একই মঞ্চে গাইবেন রকতারকা জেমস ও হাসান। সাথে থাকছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য ব্যান্ড। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় রকতারকা জেমস ও হাসান আবারও একই মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন। তাদের আইকনিক পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন দেশীয় ব্যান্ডসংগীতের অগণিত শ্রোতা-ভক্ত। রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় জেমসের ‘নগরবাউল’ এবং হাসানের ‘আর্ক’ ব্যান্ডের সুরের মূর্ছনায় মেতে উঠবেন দর্শক-শ্রোতারা।

‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই মেগা কনসার্টে জেমস ও হাসানের প্রধান আকর্ষণ ছাড়াও থাকছে দেশের শীর্ষস্থানীয় আরও কয়েকটি ব্যান্ড ও শিল্পীর পরিবেশনা।

কনসার্টে আর কারা পারফর্ম করবেন?

আয়োজক সূত্রে জানা গেছে, জেমস ও হাসানের মূল পরিবেশনার আগে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন এবং শূন্য। বিশেষ আকর্ষণ হিসেবে ওয়ারফেজের সঙ্গে মঞ্চে গিটার বাজাবেন খ্যাতনামা গিটারিস্ট অনি হাসান। পাশাপাশি তিনি এককভাবেও সংগীত পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশ করবেন জনপ্রিয় শিল্পী এ কে রাহুল।

আয়োজকদের প্রস্তুতি ও ধারাবাহিকতা

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, এই জমকালো আয়োজনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২২ সালে শুরু হয় জনপ্রিয় ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজ। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় এবং ২০২৪ সালে চতুর্থ আসর সফলভাবে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিরিজের পঞ্চম আসর।

আয়োজকদের প্রত্যাশা, এবারের আসরের মাধ্যমে রক ও মেটাল ধারার সংগীতশিল্পীদের সঙ্গে নতুন ও পুরানো প্রজন্মের দর্শক-শ্রোতাদের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। এই আয়োজনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছেন রকের দুই দিকপাল— জেমস ও হাসান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment