নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জেরায় ধৃত শুটাররা জানিয়েছে, তাদের মূল টার্গেট ছিলেন সালমান খান।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশি জেরায় গ্রেফতারকৃত শুটাররা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য টাইগার শ্রফ ছিলেন না; বরং অন্য কোনো হাই-প্রোফাইল তারকাকে হত্যার সুপারি নিয়েছিল তারা। মূলত কড়া নিরাপত্তার কারণে সালমান খানের নাগাল না পেয়ে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে টাইগার শ্রফকে নিশানা করে এই গ্যাং।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে এই প্রাণঘাতী হামলা চালাতে ঘটনার প্রায় ২০ দিন আগেই মুম্বাইতে প্রবেশ করেছিল তিন শুটার—ঋত্বিক ওরফে রোশন, রেহান এবং ফুল সিং।
প্রাথমিকভাবে গ্যাংটির পরিকল্পনা ছিল বলিউড সুপারস্টার সালমান খানকে টার্গেট করার। কিন্তু সালমানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে কড়া পুলিশ পাহারা এবং আধুনিক অস্ত্রে সজ্জিত স্পেশাল কমান্ডোদের কঠোর নিরাপত্তা দেখে তারা বুঝতে পারে, সেখানে সফল হওয়া অসম্ভব। এরপর তারা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও আমির খানের মতো হেভিওয়েট তারকাদের বাড়ির দিকে নজরদারি শুরু করে।
একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ফ্যান পেজের রিলস ঘেটে শুটাররা জানতে পারে যে, টাইগার শ্রফের ব্যক্তিগত কোনো পুলিশ প্রটেকশন বা ভারী নিরাপত্তা নেই। এরপর স্থানীয় এক অটোচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে জুহুর ফুটবল মাঠের রুট ট্র্যাক করে টাইগার শ্রফের গাড়িতে এই প্রাণঘাতী হামলা চালায় তারা।
সালমানের নিরাপত্তা আরও জোরদার টাইগার শ্রফের ওপর এই হামলার পেছনে মূল টার্গেট হিসেবে সালমান খানের নাম উঠে আসায় নড়েচড়ে বসেছে মুম্বাই প্রশাসন। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ও পানভেলের ফার্মহাউজের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তাঁর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ কমান্ডোদের হাতে জার্মান প্রযুক্তির সর্বাধুনিক সাবমেশিন গান ‘এমপি৫ এসডি৬’ তুলে দেওয়া হয়েছে, যা সাইলেন্সরসহ নিখুঁতভাবে যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই বেপরোয়া ও দুঃসাহসী কর্মকাণ্ডে বর্তমানে পুরো বলিউড পাড়ায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।


