APORAD

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান: নারী ও মাদকসহ আটক ৮৪ | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের এয়ারবিএনবি বাসায় ডিবি পুলিশের অভিযান। মাদক ও ডিজে পার্টি থেকে আফগান নাগরিকসহ ৮৪ জন আটক। পড়ুন বিস্তারিত।

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২৬ নারী ও ৫৮ পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন। সেখানে অবৈধ ডিজে পার্টি ও মাদক সেবনের আসর চলছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে ভাটারা থানাধীন ‘পুলিশ হাউজিং-১’ এলাকার ওই আড়াই তলার থ্রিপ্লেক্স বাড়িতে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’ (Airbnb)-র মাধ্যমে বাসাটি স্বল্পমেয়াদে ভাড়া দিয়েছিলেন। সেখান থেকে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগে এক আফগান নাগরিকসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

অভিযান পরিচালনাকারী গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, বাড়িটি এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে একজন কো-হোস্ট ও হোস্ট পরিচালনা করছিলেন। উক্ত বাসায় আয়োজিত ডিজে পার্টি থেকে অর্জিত আয়ের ৭০ শতাংশ পেতেন মূল মালিক অতিরিক্ত ডিআইজি জহির। ঘটনার সাথে জড়িত কো-হোস্ট মাহবুবুল আলমকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ওই বাড়িটিতে প্রায় প্রতি রাতেই অবৈধ মদ ও ডিজে পার্টির আসর বসতো। প্রাথমিক তল্লাশিতে বাসাটি থেকে গাঁজা, ইয়াবা, বিদেশি মদ, সীশা এবং ইয়াবা সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক কো-হোস্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তদবির করেছিলেন বলেও ডিবি সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment