বিনোদন

রণবীর কাপুরকে ‘রণবীর সিং’ বলে বসলেন প্রযোজক দিল রাজু/দৈনিক পূর্বাচল

বিনোদন ডেস্ক:দৈনিক পূর্বাচল

বলিউডের দুই শীর্ষ তারকা—রণবীর কাপুর ও রণবীর সিং। নামের এই মিলের কারণে ভক্তদের মাঝে মাঝেই বিভ্রান্তি তৈরি হয়। তবে এবার খোদ সিনেমার মঞ্চেই এক প্রযোজক মাইক হাতে নাম গুলিয়ে ফেলায় এক মজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আসন্ন মেগা বাজেটের সিনেমা ‘রামায়ণ’-এর এক জমকালো অনুষ্ঠানে রণবীর কাপুরকে ভুল করে ‘রণবীর সিং’ বলে ডেকেছেন জনপ্রিয় দক্ষিণী প্রযোজক দিল রাজু।

নীতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। ছবির মুক্তি উপলক্ষে সম্প্রতি হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল এক বিশাল প্রি-রিলিজ ইভেন্ট। মঞ্চে তখন প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রণবীর কাপুর নিজে।

ইভেন্টে মাইক হাতে বক্তব্য দিতে গিয়ে তেলুগু প্রযোজক দিল রাজু হঠাৎ বলে ওঠেন, “সেরা অভিনেতা রণবীর সিং গারু… আরে সরি, রণবীর কাপুর গারু।” ভুল বুঝতে পেরে সাথে সাথেই শুধরে নিলেও ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে যায়। মুহূর্তের মধ্যে সেই মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই নাম বিভ্রান্তি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক রসিকতা। কেউ কমেন্ট বক্সে লিখেছেন, “ভুলবশত ভেতরের সত্যিটা বের হয়ে গেছে।” আবার কেউ মন্তব্য করেছেন, “ভুল করার পর প্রযোজক দিল রাজুর নিজের মুচকি হাসিটাই সবচেয়ে সেরা ছিল।”

যশের প্রশংসায় পঞ্চমুখ রণবীর কাপুর

অনুষ্ঠানে কেবল এই মজার ঘটনাই নয়, ছবির সহ-অভিনেতা ‘রকিং স্টার’ যশের ভূয়সী প্রশংসা করেন রণবীর কাপুর। ‘কেজিএফ’ খ্যাত এই তারকার কাজের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করে রণবীর বলেন, “রামায়ণের শুটিং চলাকালীনও যশ নিজের হোম প্রডাকশনের কাজ সামলাচ্ছিল। কাজের প্রতি তার এমন একাগ্রতা ও ভালোবাসা আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি।”

৪,০০০ কোটি রুপির রেকর্ড বাজেটের সিনেমা

‘রামায়ণ’ সিনেমার ব্যাপ্তি ও স্কেল কতটা বিশাল, তা স্পষ্ট করেছেন ছবির অন্যতম প্রযোজক নামিত মালহোত্রা। তিনি জানান, হলিউডের আন্তর্জাতিক মানকে টেক্কা দিয়ে নির্মিত এই সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৪,০০০ কোটি রুপি (প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার)।

রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে এবং রাবণ চরিত্রে ‘রকিং স্টার’ যশ অভিনীত এই মেগা প্রজেক্টটি দুটি পর্বে মুক্তি পাবে। এর প্রথম পর্বটি চলতি বছরের নভেম্বরে দীপাবলির ঠিক আগে প্রেক্ষাগৃহে আসছে এবং দ্বিতীয় অংশটি আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment