নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গ্রেপ্তার হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোল’-এর ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান ও মামলা পরিচালনা করা হচ্ছে। অভিযোগের বিষয়টি প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।
মামলার পর থেকেই তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার পাশাপাশি বিভিন্ন নথিপত্র জব্দের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।
এরই অংশ হিসেবে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৬ মে ঢাকার একটি আদালত শেখ আব্দুল হান্নানের নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, একটি নির্মাণাধীন সাততলা ভবন এবং ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। পরবর্তীতে ২৪ মে আদালত তাঁর, তাঁর স্ত্রী তাহমিদা বেগম এবং ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা আরও ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। এসব হিসাবে সব ধরনের অর্থ লেনদেন বন্ধ রাখা এবং সম্পদ হস্তান্তর রোধে আদালতের কাছে আবেদন করেছিল দুদক।
এ ছাড়া সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর শেখ আব্দুল হান্নানের নামে বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। যার দলিলমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।
দুদকের কর্মকর্তারা জানান, দেশে ও বিদেশে সাবেক এই বিমানবাহিনী প্রধানের নামে থাকা আরও স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে কমিশন।
উল্লেখ্য, এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


