বিনোদন ডেস্ক:
বেআইনি নির্মাণের অভিযোগে বলিউড তারকা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলোয় উচ্ছেদ অভিযান চালিয়েছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। পৌর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার (১৭ অক্টোবর) বাংলোটির নবনির্মিত ও বিতর্কিত অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭,৮০২ বর্গফুটের ওই বাংলোটিতে বেশ কিছু দিন ধরে অভ্যন্তরীণ পরিবর্তন ও সংস্কারের কাজ চলছিল। বিএমসির দাবি, প্রয়োজনীয় আইনি অনুমোদন ও অনুমতিপত্র ছাড়াই বাড়ির ভেতরে অবকাঠামোগত পরিবর্তন আনা হচ্ছিল।
পৌরসভা সূত্রে জানা গেছে, অনুমোদনহীন নির্মাণের বিষয়ে গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩৫৪এ ধারা অনুযায়ী কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেবগন পরিবারের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চাওয়া হলেও নোটিশের তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই শুক্রবার পৌরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেআইনি অংশটি ভেঙে দেন।
অভিযোগ রয়েছে, আবাসিক ব্যবহারের জন্য বরাদ্দ ওই বাংলোটিতে বাণিজ্যিকভাবে একটি বিলাসবহুল স্যালো ও স্পা তৈরির পরিকল্পনা করা হচ্ছিল। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে তীব্র আপত্তি জানান ওই আবাসন সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পাবে। এতে সরু রাস্তায় তীব্র যানজট, পার্কিং সমস্যা, শব্দদূষণ এবং সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে অজয় দেবগনের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নিয়ম মেনেই সব অনুমোদন নেওয়া হয়েছিল। তবে তাঁদের এই দাবি সত্ত্বেও পৌরসভার কঠোর অবস্থানে শেষ পর্যন্ত বাংলোর নবনির্মিত অবকাঠামোটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।


