নিজস্ব প্রতিবেদক / ঢাকা অফিস:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরায় অবস্থিত জিএম কাদেরের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে জিএম কাদেরের বাসার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ঘটনার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বাসাতেই অবস্থান করছিলেন। তবে হামলায় বাসার ক্ষয়ক্ষতি হলেও তিনি এবং পরিবারের সদস্য বা কর্মচারীদের কেউ আহত হননি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তদারকি শুরু করে।
প্রেস সচিব আরও জানান, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে দল। পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে দ্রুত পরবর্তী করণীয় ও রাজনৈতিক কর্মসূচি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


