জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের পেসার জাহানারা আলমের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল জাতীয় নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলামের আচরণ নিয়ে। সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছিলেন, নির্বাচক থাকাকালে মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণ ও তদন্ত শেষে জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা প্রমাণিত হয়।

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে রোববার বোর্ড সভায় মঞ্জুরুলকে বাংলাদেশের ক্রিকেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না।

সূত্র আরও জানিয়েছে, এই ঘটনায় ভুক্তভোগী জাহানারা আলম যদি ব্যক্তিগতভাবে মঞ্জুরুলের বিরুদ্ধে ফৌজদারি বা আইনি ব্যবস্থা নিতে চান, তবে বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটের পরিবেশ স্বচ্ছ রাখার স্বার্থেই বোর্ড এমন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   4   =