জিম্বাবুয়ে সুপার এইটে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শেষ

পাল্লকেলেতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিদায় আর জিম্বাবুয়ের সুপার এইটে উত্তরণ। একটি বলও হয়নি ম্যাচে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ডও। আইরিশরা আজ জিম্বাবুয়েকে হারালেই শুধু টিকে থাকত আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্ভাবনা। জিম্বাবুয়ের অবশ্য আরেকটি সুযোগ থাকত তখনো। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই চলত।

কাল শ্রীলঙ্কার কাছে হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ বলেন ভাগ্য আর তাদের হাতে নেই, ‘দলটা বেশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ হতাশ আর আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’

২০০৯ সালের পর প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০২২ সালের পর এবারই টি-টুয়েন্টি বিশ্বকাপে ফেরা জিম্বাবুয়ে টানা দ্বিতীয়বার প্রথম পর্ব পেরোল।

গতকাল পাতুম নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। তিন ম্যাচে দলটি পয়েন্ট ৬। সমান ম্যাচে জিম্বাবুয়ের ৫ পয়েন্ট। ৪ ম্যাচ খেলে ফেলা আয়ারল্যান্ডের পয়েন্ট ৩, তিন ম্যাচে অস্ট্রেলিয়ার ২ পয়েন্ট। গ্রুপের অন্য দল ওমান ৩ ম্যাচেই হেরেছে।

জিম্বাবুয়েকে নিয়ে সুপার এইটের সাতটি দলই পাওয়া গেল। এর আগে সুপার এইট নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   5   =