আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। আর জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সূচির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর এখন নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি মাহে রমজান শুরু হতে পারে।


