দৈনিক পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক
ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচক পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতে ইতিহাস সৃষ্টি করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। শুক্রবার (বাংলাদেশ সময় রাত ১১টার দিকে) স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পক্ষ থেকে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এর আগে ভেনিস উৎসবের ৮৩ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মূল আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ ‘অরিজন্তি’-তে জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ঐতিহাসিক সেই অর্জনের পর এবার আন্তর্জাতিক সমালোচকদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয় বাংলাদেশি সিনেমা অঙ্গনকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।
পুরস্কার প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, “এই অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে প্রদর্শিত সব সিনেমার মধ্য থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এজন্য বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার পুরো দেশের সিনেমা অঙ্গনের জন্যই বড় সম্মানের। বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার বা প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্ব চলচ্চিত্রের অঙ্গনে সিনেমাটি নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়। সমকালীন ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত এই সিনেমার মূল গল্প গড়ে উঠেছে ‘জাইনিন’ নামের এক চরিত্রকে ঘিরে। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমার অফিশিয়াল কম্পিটিশনে অংশগ্রহণ এবং পরবর্তীতে সমালোচকদের এই পুরস্কার জয় দেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় এক সোনালী অধ্যায় যোগ করল।


