রাজনীতি

কোম্পানীগঞ্জে চলন্ত সিএনজি থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ, আটক ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরীর বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত নবজাতককে উদ্ধার করে এবং ওই কিশোরী ও সিএনজি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্কের জেরে গোপনে বিয়ে হয়। কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর সালাউদ্দিন ও তার পরিবার বিয়ে অস্বীকার করেন। শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিএনজি চালক সামসুর সহায়তায় হাসপাতালে যাওয়ার পথে সিএনজির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। পরে হাসপাতালে পৌঁছানোর পর নবজাতককে সড়কে ফেলে পালানোর চেষ্টার সময় স্থানীয়রা তাদের আটক করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment