অন্যান্য

কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি: তৃতীয়বারের মতো খোলা হলো ১৬ জলকপাট

বিশেষ প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি):

রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন।

রাঙামাটির কাপ্তাই লেকে পানির মাত্রাতিরিক্ত বৃদ্ধি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের ১৬টি জলকপাট (গেইট) তৃতীয়বারের মতো পুনরায় খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে লেকের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের ঘরবাড়ি প্লাবিত হতে শুরু করেছে। এই অবস্থায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে লেকে পানির উচ্চতা রয়েছে ১০৫.৫১ ফুট এমএসএল (Mean Sea Level), যা লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুটের কাছাকাছি। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট লেকের পানির উচ্চতা ১০৬.০১ ফুটে পৌঁছালে গেইটগুলো খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পানি কিছুটা কমে আসায় গেইট বন্ধ রাখা হলেও সাম্প্রতিক বৃষ্টির কারণে পানি ফের বাড়তে থাকায় আজ সকালে পুনরায় তা খুলে দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment