কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশকে যথাযথ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তকেও তিনি সঠিক বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই দুই সিদ্ধান্ত আসলে নিউটনের তৃতীয় সূত্রের মতো—অ্যাকশন ও রিঅ্যাকশন।
সালেহউদ্দিন আহমেদ বলেন,“ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে বাদ দিল। এটা নরমাল সেন্সে ভালো না। সে একটা ভালো প্লেয়ার।”
তিনি আরও বলেন,
“এমন না যে দয়া-দাক্ষিণ্য করে তার দল মুস্তাফিজকে নিয়েছিল। মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই এটা স্বীকার করে, ওরাও স্বীকার করে।”
অর্থ উপদেষ্টার ভাষায়,“অতএব বাংলাদেশ যে রেসপন্স দিয়েছে, সেটা কমপ্লিটলি রোবাস্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট।”
নিউটনের সূত্রের উদাহরণ টেনে তিনি বলেন,“এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে, তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল—অ্যাকশন, রিঅ্যাকশন। এইটাই বললাম।”
তবে এই ঘটনার ফলে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।
এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এর আগে, নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো হবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করেছে।


