নিজস্ব প্রতিবেদক/দৈনিক পূর্বাচল
আলোচিত মডেল ও রাজনৈতিক কর্মী মেঘনা আলম তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও অপপ্রচারের কঠোর জবাব দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি সমাজের দ্বিমুখী মানসিকতা এবং তাকে নিয়ে চলা ভিত্তিহীন সমালোচনার তীব্র প্রতিবাদ জানান।
পোস্টে নিজের সম্পর্কে ওঠা বিভিন্ন গুজবের জবাব দিয়ে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনে তিনি কখনই অনৈতিক বা শারীরিক সম্পর্কে জড়াননি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, কেবল নির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাকে বা নির্দিষ্ট লাইফস্টাইলে না থাকার কারণে তাকে প্রতিনিয়ত মিথ্যা অপবাদ ও সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে।
সমাজের প্রচলিত দ্বিমুখী নীতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, সমাজে ধর্ম ও নৈতিকতার মুখোশ পরে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ এবং আপত্তিকর অডিও ক্লিপ জনসমক্ষে আসলেও একটি প্রভাবশালী মহল তাদের রক্ষার চেষ্টা চালায়। অথচ একজন সাধারণ বা স্বাধীনচেতা নারীর বিরুদ্ধে কোনো সত্যতা ছাড়াই ভিত্তিহীন অপপ্রচার ছড়াতে একশ্রেণির মানুষ মুখিয়ে থাকে।
বিশ্লেষকদের মতে, সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়ানোর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা একজন নাগরিকের মৌলিক অধিকার ও মর্যাদাকে ক্ষুণ্ন করছে। মেঘনা আলমের এই সাহসী বক্তব্য সমাজে নারী অধিকার, সাইবার অপরাধ এবং সামাজিক বিচারবোধ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।


