’
বিনোদন ডেস্ক, দৈনিক পূর্বাচল: ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর আবারও প্রেক্ষাগৃহে জুটি বেঁধে আসছেন অভিনেতা শরিফুল রাজ ও সাবিলা নূর। সময়ের জটিল সমীকরণ, রহস্য, রোমাঞ্চ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন নির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে তাদের নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’।
বুড়িগঙ্গা টকিজের প্রযোজনায় এটি পরিচালনা করছেন তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। ২০২৪ সালে প্রকাশিত মোহাইমিনুল ইসলাম বাপ্পীর জনপ্রিয় উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রের গল্প। প্রযোজক তানিম নূর জানান, প্রচলিত রোমান্টিক ধারার বাইরে গিয়ে ভিন্ন এক আবহে সাজানো হয়েছে সিনেমাটি। আগামী বছরের শুরুতেই দৃশ্যধারণ শুরু হয়ে সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুল রাজ লিখেছেন, “ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।” উল্লেখ্য, হংকংয়ে আয়োজিত আসিয়ান চলচ্চিত্র উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীতে অংশ নেওয়া অবস্থাতেই রাজ-সাবিলা জুটির এই নতুন মিশনের আনুষ্ঠানিক ঘোষণা আসলো।


