চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন বাইক কিনে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই তরুণের। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। তাদের বাড়ি উপজেলার মঘাদিয়া ইউনিয়নে।
আজ শনিবার সকালে মিরসরাই থানার এএসআই সঙ্গীতা মালাকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনদের বরাতে তিনি জানিয়েছেন, রাতে উপজেলার বারইয়ারহাট বাজার থেকে মোটরসাইকেল কেনেন দুই বন্ধু তালাত ও আব্দুল্লাহ। নতুন বাইকে করে বাড়ি ফিরছিলেন তারা। বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তালাত। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ।
এএসআই সঙ্গীতার ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


