অনলাইন ডেস্ক (দৈনিক পূর্বাচল):
রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবল সাইদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মৃত্যুর আগে ফেসবুকে স্ত্রীকে নিয়ে লিখেছেন আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামে এক তরুণ পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্ত্রীকে উদ্দেশ্য করে একটি আবেগঘন ও দীর্ঘ চিরকুট (স্ট্যাটাস) পোস্ট করেছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে ডেমরা থানাধীন ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবন থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় নয় মাস আগে সাইদুল বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। তিনি ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের নবম তলায় একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট: পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর প্রায় ১৬ ঘণ্টা আগে সাইদুল নিজের ফেসবুক আইডিতে স্ত্রীর সাথে তোলা পুরোনো কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন:
“তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সে জগৎটাকে দুদিনেই চোখের সামনে ভেঙেচুরে চুরমার করে দিলে। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কূলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই।
কত তুচ্ছ বাহানা দিয়ে মানুষ একটা গভীরতম সম্পর্কের ইতি টানে, আমি অবাক হই, মানুষ আসলেই কী মানুষকে ভালোবাসে…? জানো.? মাঝে মাঝে কেন জানি নিজেরে দেখলে নিজের অনেক মায়া লাগে, হাহাকার লাগে কী হয়ে গেলাম কী বানাইয়া গেলা। আচ্ছা বলত- আমার দোষটা কি ছিল…? কি করছিলাম আমি.? তোমারে ভালোবাসাটা অপরাধ…? নাকি সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ…?
তুমি না বলছিলা, মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না…? এখন কই তুমি? আমি তো তোমার অভাবেই শেষ হয়ে গেলাম, অনেকবারই তো আঘাত করছ- সব ভুলে বারবার মাপ করে তোমাকে বুকে টেনে নিলাম- এই মূল্য দিলা.? একেবারেই শেষ করে দিতে আসলা? আমি তো নিয়তি মেনে নিয়ে দূরেই ছিলাম তোমার থেকে। কেন আবার আসছিলা, কেন এত কাছে আসছিলা? কোন উত্তর খুঁজে পাই না আমি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ ও স্ত্রীর ওপর চরম অভিমান থেকে সাইদুল আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

