বিনোদন

ঘরোয়া আমেজে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, ভক্তদের বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক | দৈনিক পূর্বাচল:

ঢালিউডের কালজয়ী ও জনপ্রিয় অভিনেত্রী ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর শুভ জন্মদিন আজ। দীর্ঘ তিন বছর ধরে দেশের বাইরে অবস্থান করলেও তাঁর জন্মদিনে ভাটা পড়েনি ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসায়। প্রতিবছরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ‘মৌসুমী ফ্যান ক্লাব’র উদ্যোগে পালিত হচ্ছে বিশেষ বিশেষ কর্মসূচি।

জানা গেছে, প্রিয় অভিনেত্রীর জন্মদিন উদযাপনে মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’র উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর জীবনসঙ্গী ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

স্ত্রীর জন্মদিন প্রসঙ্গে ওমর সানী জানান, মৌসুমী ও তাঁর কন্যা ফাইজা আবীর বিশেষ অনুরোধে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগেও একটি সামাজিক ও মানবিক কাজ সম্পন্ন করছেন বলে জানান তিনি, যা তিনি লোকচক্ষুর অন্তরালেই রাখতে চান। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ওমর সানী ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে নিজের জন্মদিনের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই প্রিয়দর্শিনী। মৌসুমী বলেন, “এখানে জন্মদিন ঘিরে বড় কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই। মা, মেয়ে ও বোনদের সঙ্গে ঘরোয়া আমেজেই সুন্দর কিছু সময় কাটানোর চেষ্টা করব। নিজেদের মতো রান্না ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়েই দিনটি কাটবে। ঢাকায় থাকলে হয়তো আয়োজনটা একটু ভিন্ন হতে পারত। তবে ইসলামে যেহেতু জন্মদিন কেন্দ্র করে বড় কোনো উদযাপনের বিশেষ রীতি নেই, তাই ঘরোয়া আয়োজনেই আনন্দ খোঁজার চেষ্টা করছি।”

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দেওয়া মৌসুমী ভক্তদের ভালোবাসায় আজও অমলিন। প্রবাস জীবনে থাকলেও দিনটিকে ঘিরে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের শুভেচ্ছা ভালোবাসায় ভাসছেন এই গুণী অভিনেত্রী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment