অন্যান্য

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: নিরাপত্তার কারণে মেট্রোরেলের ৩টি স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের চলমান সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে মেট্রোরেলের তিনটি স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল ও যাত্রীদের স্টেশনগুলোতে প্রবেশাধিকার স্থগিত রাখা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ এবং পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বেতন কাঠামো গঠন ও বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে মিরপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের তীব্রতা ও সম্ভাব্য ঝুঁকি এড়াতেই তাৎক্ষণিকভাবে ওই এলাকার গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এমআরটি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে পরবর্তীতে স্টেশনগুলো পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment